ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘সব দুঃস্বপ্ন হলে, মাইলস্টোনের সকালটা আজ মুখর থাকতো’

‘সব দুঃস্বপ্ন হলে, মাইলস্টোনের সকালটা আজ মুখর থাকতো’
×

সন্তানের খোঁজে মাইলস্টোন স্কুলের ফটকের সামনে উদ্বিগ্ন এক নারী। সোমবার বিকেলে। ছবি: এএফপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ১৩:০৩ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ১৩:০৫

সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকাল ছিল অন্য স্বাভাবিক দিনের মতোই। শিক্ষার্থীদের কোলাহলে মুখর ছিল ক্যাম্পাস। সন্তানদের আনা নেয়ার জন্য আশপাশেই ভিড় ছিল অভিভাবকদের। মঙ্গলবার এই শিক্ষার্থী, অভিভাবকদের অনেকে কাতরাচ্ছেন হাসপাতালের শয্যা কিংবা বারান্দায়।

বিমান বিধ্বস্তের ঘটনায় আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু মানুষ। এ শোক নাড়িয়ে দিয়েছে সারা দেশের মানুষকে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তারা ঘটনার মুহুর্তের নানা ছবি পোস্ট করে শোক প্রকাশ করছেন। শোক পালন হচ্ছে রাষ্ট্রীয়ভাবেও।

মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো একটি ছবি ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে, বিদ্যালয়ের মাঠে শিশুদের কোলাহল। আকাশে উড়ছে একটি এয়ারক্রাফট। আঙুল উঁচিয়ে একে অপরকে সে বিমান দেখাচ্ছে শিশুরা। ছবিটি পোস্টকারীরা ক্যাপশনে লিখেছেন, যদি দুঃস্বপ্ন হতো (বিধ্বস্তের ঘটনা) ওদের (শিশু) সকালটা আজ এভাবেও (আনন্দমুখর) শুরু হতে পারতো।

মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে কালো ব্যাজের ছবি প্রকাশ করেও শোক জানাচ্ছেন অনেকে। আর রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আহত ও নিহতদের জন্য দেশের সব উপাসনালয়ে করা হচ্ছে বিশেষ প্রার্থনা। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।

কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন আপিল বিভাগ। বেলা ১টার পর সুপ্রিম কোর্টে আর বিচারকাজ চলবে না। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চকেও বিচারকাজ শুরুর আগে শ্রদ্ধা জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

রাষ্ট্রীয় শোকের দিনে স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এইচএসসির রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা) এবং বিকেলের শিফটে ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কালো ব্যান্ড হাতে খেলতে নামবেন লিটন দাসরা। এদিন মাঠে বাজবে না কোন মিউজিক। এক মিনিট নিরবতা পালন করবে দু’দল।

আরও পড়ুন

×