ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ০০:৩২
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতিনিধি দল। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সাক্ষাৎ।
বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকালে অভ্যুত্থান-পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি নিয়ে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় ব্যবস্থার একাডেমিক ও প্রশাসনিক রূপান্তরে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংস্কার-প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করা হয়। শিক্ষকরা উচ্চশিক্ষায় বাজেট বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতা, দলীয় বিবেচনায় নিয়োগের পুনরাবৃত্তি, শিক্ষক নিয়োগের প্রথাগত ব্যবস্থার পরিবর্তন, উত্তরাসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে পরিবারতন্ত্র, স্বেচ্ছাচারিতা ও একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১০% ভ্যাট আরোপ বিষয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা, একাডেমিক ইউনিয়নের অধিকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় নীতিমালা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-র সংশোধনী এবং উচ্চ শিক্ষা কমিশন গঠনের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
এসব পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করে কমিশনের চেয়ারম্যান কিছু পদক্ষেপের ব্যাপারে তার মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা, ড. কাজী মারুফুল ইসলাম, সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শেখ নাহিদ নিয়াজী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সৌমিত জয়দ্বীপ, শিক্ষক রাইয়ান রাজী, কুয়েটের সহকারী অধ্যাপক মারিয়া ভূঁইয়া এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষক অলিউর সান। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ইউজিসি
- বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
