ফকির নিটওয়্যারে দেশের সর্ববৃহৎ পানি পুনর্ব্যবহার প্রকল্পের উদ্বোধন
পোশাক শিল্পে টেকসই পানি ব্যবস্থাপনা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ২০:৫৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ | ২১:০৫
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব টেকসই উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জে উদ্বোধন হলো দেশের প্রথম এবং সর্ববৃহৎ পানি পুনর্ব্যবহার ও উন্নত বর্জ্যব্যবস্থাপনা প্রকল্প। ‘ওয়াটার রিইউজ অ্যান্ড ইমপ্রুভড ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট ডেমোনস্ট্রেশন সাইট’ নামে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ফকির নিটওয়্যার লিমিটেড কারখানায়। যৌথভাবে উদ্যোগটি নিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড প্রাইমার্ক, ফকির নিটওয়্যার লিমিটেড এবং বিশ্ব ব্যাংকের ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ।
এই মডেল প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ৪ লাখ ৩৮ হাজার কিউবিক মিটার পানি পুনঃব্যবহারের সুযোগ তৈরি হবে, যার ফলে কারখানাগুলোর পানির ব্যবহার গড়ে ২২ শতাংশ কমবে। একইসাথে ভূগর্ভস্থ স্বচ্ছ পানির ব্যবহার কমানো যাবে প্রায় ৩০ শতাংশ। এটি বাংলাদেশের সাসটেইনেবল ওয়াটার রোডম্যাপ ২০৩০ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি-৬) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বুধবার নারায়ণগঞ্জে এ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অতিথিরা জানান, পানি ব্যবহারে এই ধরনের সাশ্রয়ী ও পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি শুধু শিল্প উৎপাদনেই নয়, বরং স্থানীয় জনগণের জন্যও নিরাপদ পানি সহজলভ্য করতে সহায়ক হবে। ফলে দূষণ ও পানির সংকট হ্রাস পাবে।

প্রাইমার্ক-এর প্রতিনিধি লুইস আইজাক বলেন, ‘গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ৯০ শতাংশ শিল্পকারখানার পার্শ্ববর্তী জলাধার দূষণের শিকার। এই প্রকল্প ভবিষ্যতে জলাধার দূষণমুক্ত করতে বড় ভূমিকা রাখবে।’
এইচঅ্যান্ডএম-এর আঞ্চলিক প্রতিনিধি জিয়াউর রহমান বলেন, ‘টেকসই পরিবেশ উন্নয়নে শিল্পখাতের সবার একযোগে কাজ করা জরুরি।’
ফকির নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান বলেন, ‘আমরা বিশ্বাস করি, তৈরি পোশাক খাতের দায়িত্বশীলতা আগামী পৃথিবী ও প্রজন্মকে নিরাপদ রাখবে। এই প্রকল্প বাংলাদেশে একটি মাইলফলক হয়ে থাকবে।’
প্রকল্পটির উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ ও ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন (ডাব্লিউএআরপিও) এর পরিচালক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ, বিকেএমইএ, ফরাসি উন্নয়ন সংস্থা, কেএফডব্লিউ ব্যাংকসহ একাধিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।
এই উদ্যোগ ন্যাশনাল অ্যালায়েন্স ফর ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইক্লিংয়ের অধীন প্রথম বৃহৎ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং ডাব্লিউএআরপিও-এর যৌথ উদ্যোগে গঠিত এই অ্যালায়েন্স পোশাক শিল্পে টেকসই পানি ব্যবস্থাপনার প্রসারে কাজ করছে।
নতুন এই প্রকল্পটি বাংলাদেশের ওয়াটার অ্যাক্ট ২০১৩, ন্যাশনাল ওয়াটার পলিসি ১৯৯৯ এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি ভবিষ্যতে পানি পুনঃব্যবহার প্রযুক্তির বিস্তার এবং শিল্পখাতে সবুজ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পথপ্রদর্শক হবে।
কারখানার শ্রমিক, প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য উন্নত পানি শোধন প্রযুক্তির প্রয়োগ প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে, যা দেশের সবুজ অর্থনীতির বিকাশেও সহায়ক হবে।
