১৪ দিন পর চালু হয় ফেসবুক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ০৭:৪১
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত বছরের ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচ দিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হয়।
তবে বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। ৩১ জুলাই দুপুর ২টার পর থেকে ফেসবুক চালু হয়। এর পর ঢাকার যাত্রাবাড়ী, মিরপুর, উত্তরাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার ওপর পুলিশি নৃশংসতার ভিডিও ছড়িয়ে পড়ে। দেশবাসীর মাঝে নতুন মাত্রায় ক্ষোভের সঞ্চার হয়।
হত্যা, গ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ৩১ জুলাই সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে রাজপথে নামেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৯ দফা দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের। এর অংশ হিসেবে ৩১ জুলাই দুপুর ১২টা থেকে হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও শিক্ষকরা। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজনকে আটক করে পুলিশ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন। নতুন কলাভবন-সংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে মিছিল বের করেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
৩১ জুলাই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি ঘোষণা
এদিকে ৩১ জুলাই বৃহস্পতিবার নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো বিবৃতিতে বলা হয়, এ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার শিক্ষার্থী নির্যাতনের ভয়ংকর দিন-রাতের স্মৃতিচারণ করা হবে।
বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ঘরে-বাইরে তোপের মুখে সরকার
আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ, গ্রেপ্তার এবং নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন। নিরাপত্তা খাতে সংস্কার জরুরি বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসসহ তিন সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে তৎকালীন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বল প্রয়োগের নিন্দা জানিয়ে বিবৃতি দেন যুক্তরাষ্ট্রের দুই সিনেটর। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি রাষ্ট্রদূতকে জানান, ‘সহিংসতাকারীরা সরকার উৎখাতের জন্য শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।’
- বিষয় :
- কোটা সংস্কার আন্দোলন
