চার অনুষদে ২৩ বিভাগ, ৪০ শতাংশ ক্লাস অনলাইনে
.
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ০১:২৭
| প্রিন্ট সংস্করণ
ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে, আর বাকি ৬০ শতাংশ ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু থাকবে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদান। স্নাতক পর্যায়ে চারটি অনুষদের অধীনে ২৩টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রতিটি বিভাগে ৪০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। গত রোববার থেকে অনলাইনে শুরু হয়েছে ভর্তির আবেদন। আগামী ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন বাতিল ও তথ্য-ছবি সংশোধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ আগস্ট।
গতকাল সোমবার সচিবালয়ে রাজধানীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান।
কলেজগুলো হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এগুলোর পাঁচটিতে একাদশ শ্রেণির পাঠদান আগেও ছিল। এবার ইডেন ও সরকারি তিতুমীর কলেজকেও উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠদান শুরুর প্রস্তাবনা দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব বলেন, বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্সে অধ্যয়ন করবেন। পরবর্তী চার সেমিস্টার ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্সে অধ্যয়ন করবেন। পঞ্চম সেমিস্টারে শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ইচ্ছা অনুযায়ী ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবেন। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না।
প্রাথমিকভাবে চালু হচ্ছে চারটি অনুষদ বা স্কুল। সেগুলো হলো সায়েন্স, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ এবং ল অ্যান্ড জাস্টিস। স্নাতক পর্যায়ে মোট ২৩টি বিভাগের প্রতিটিতে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে ৮০০ টাকা। কলেজ ও বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে। আগামী ২০ অক্টোবর বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে। কলেজ ও বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে। ২৫ অক্টোবর ভর্তির শেষ তারিখ এবং ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর।
প্রশাসনিক কাঠামো
বিশ্ববিদ্যালয়টিতে থাকবেন একজন উপাচার্য, দুজন উপ-উপাচার্য (একাডেমিক ও প্রশাসনিক), একজন কোষাধ্যক্ষ ও ১৫ সদস্যের প্রক্টরিয়াল বডি। আর সাত কলেজের প্রতিটিতেই একজন নারী-পুরুষ ডেপুটি প্রক্টর থাকবেন। শিক্ষা ব্যবস্থার সার্বিক নিয়ন্ত্রণে থাকবে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় চুক্তিভিত্তিক প্রশাসনিক কাঠামো। বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হবে চারটি ধাপে। প্রথম ধাপে অধ্যাদেশ জারি করে আইন কার্যকর, দ্বিতীয় ধাপে ত্রিপক্ষীয় চুক্তি, তৃতীয় ধাপে উপাচার্যসহ প্রশাসনিক কাঠামো গঠন এবং চতুর্থ ধাপে শিক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
কোথায় কী বিষয় পড়ানো হবে
প্রস্তাবনা অনুযায়ী ঢাকা কলেজে গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান, ডেটা সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি ও রসায়ন বিভাগ পড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ইডেন কলেজে পদার্থবিজ্ঞান, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ক্লিনিক্যাল সাইকোলজি ও ফরেস্ট্রি সায়েন্স; বদরুন্নেসা কলেজে আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং এবং এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট; সরকারি তিতুমীর কলেজে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, এইচআর, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স; সরকারি বাঙলা কলেজে জার্নালিজম, ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি, অ্যাপ্লায়েড সোশিওলজি, পলিটিক্যাল ইকোনমি, ইকোনমিক্স ও ডিপ্লোম্যাটিক স্টাডিজ এবং কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে যৌথভাবে ‘ল অ্যান্ড জাস্টিস’ বিভাগের পাঠদান করা হবে। তবে কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় রাখার বিষয়টি ইতিবাচক বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াস।
কবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা
২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন গত রোববার শুরু হয়েছে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২২ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৩ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- ক্লাস শুরু
