এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শনিবার
এস এম সুলতান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ০৫:৩৬
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার বিকেল সাড়ে ৪টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ‘জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি’। ‘শিল্পী সুলতানের উত্তরাধিকার: কল্পনা, সৌন্দর্য ও সহজ মানুষের উত্থানের রাজনীতি’ শিরোনামের এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করছে বেঙ্গল ফাউন্ডেশন।
আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন প্রাবন্ধিক, নাট্যকার, তাত্ত্বিক ও শিল্প-সমালোচক ড. শাহমান মৈশান। সুলতানের চিত্রকলায় নিহিত সংস্কৃতি, দেশপ্রেম ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরবেন তিনি। আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখসহ আরও থাকবেন অধ্যাপক আব্দুস সাত্তার, অধ্যাপক আবুল মনসুর ও চিত্রশিল্পী মুস্তফা জামান।
শিল্পী সুলতানের সঙ্গে কাটানো সময়ের গল্প বলবেন শিল্পসংগ্রাহক আবুল খায়ের এবং চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানে বক্তব্য দেবেন উদ্যোগটির আহ্বায়ক শিল্পী মনিরুল ইসলাম। আরও কথা বলবেন কমিটির সদস্য সচিব আলোকচিত্রী নাসির আলী মামুন ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
- বিষয় :
- চিত্রশিল্পী
