হা-মীম গ্রুপ সমকাল মেধাবৃত্তি পেলেন ৩৫ শিক্ষার্থী
রাজধানীর তেজগাঁওয়ে শনিবার হা-মীম গ্রুপ ও সমকাল মেধাবৃত্তি পাওয়া ৩৫ শিক্ষার্থীকে অভিনন্দনপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. রানা চৌধুরী, সমকালের প্রকাশক ও হা-মীম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদ, সমকাল সম্পাদক শাহেদ মুহা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০০:১৯
হা-মীম গ্রুপ ও সমকাল মেধাবৃত্তি পেলেন ৩৫ শিক্ষার্থী। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে অভিনন্দনপত্র, উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
কয়েক বছর থেকে হা-মীম গ্রুপ মেধাবৃত্তি দিলেও ২০২৩ সাল থেকে যুক্ত হয় সমকাল। প্রতি বছর নতুন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি পুরোনোদের একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তি নবায়ন করা হয়। ভালো ফলাফলের ধারাবাহিকতা না থাকলে বৃত্তি বাতিলও হয়। এবার একজনের বৃত্তি বাতিল করা হয়েছে।
এ বছর ২৪ জনের বৃত্তি নবায়ন হয়েছে। নতুন করে বৃত্তি পেয়েছেন ১১ শিক্ষার্থী। বৃত্তি হিসেবে শিক্ষার্থীরা মাসে চার থেকে পাঁচ হাজার টাকা করে পান।
এ বছর বৃত্তি পেয়েছেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুমতাহিনা দেওয়ান মেধা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাব্বি শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্না রানী মণ্ডল ও অবন্তিকা শ্রেয়সী খেয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইয়াজ খান ও ফেরদৌস আজাদ সবুজ, কুষ্টিয়া মেডিকেল কলেজের আদিবা ইবনাত, যশোর মেডিকেল কলেজের আফসানা আক্তার মীম, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের তুরজা হোসেন স্নিগ্ধা, ফরিদপুর মেডিকেল কলেজের ইসরাত জাহান হাফসা ও সরকারি রাজেন্দ্র কলেজের আইয়াজ মাহমুদ।
সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী স্বপ্না রানী মণ্ডল বলেন, ‘আমি আজ হা-মীম গ্রুপ ও সমকালের বৃত্তি পেয়েছি। এটা আমাকে অনুপ্রেরণা জোগাবে। আমার ইচ্ছা, আমি নিজেকে এমনভাবে গড়ে তুলব যাতে আমিও একদিন এভাবে অন্যদের জন্য কিছু করতে পারি।’
আরেক শিক্ষার্থী মুমতাহিনা দেওয়ান মেধা বলেন, ‘বাবা অসুস্থ থাকার সময় তাঁকে জানিয়ে বৃত্তির জন্য আবেদন করেছি। কিছুদিন আগে বাবা মারা গেছেন। তিনি থাকলে বৃত্তি পাওয়ায় খুব খুশি হতেন। আমার পড়াশোনার ব্যাপারে নিশ্চিন্ত হতে পারতেন!’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষক, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. রানা চৌধুরী বলেন, ‘মেধাবৃত্তির অন্যতম উদ্দেশ্য– শিক্ষার্থীরা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত ও সুনাগরিক হতে পারে। যারা বৃত্তি পেল, তারা নিজেকে সঠিকভাবে গড়ে তুলে মানুষের পাশে দাঁড়াবে– এটিই প্রত্যাশা।’
সমকালের প্রকাশক ও হা-মীম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা বৃত্তি দেওয়ার পর শিক্ষার্থী ঠিকমতো পড়াশোনা করছে কিনা, খোঁজ রাখি। ফলাফলের ওপর বৃত্তি নবায়ন ও বাতিল করা হয়। এ বৃত্তি মেধাবীদের অধিকার; কোনো করুণা নয়।’
সাবেক অতিরিক্ত সচিব রেজাউল হায়দার ফিরোজ বলেন, ‘ মেধাবৃত্তি শিক্ষার্থীদের দায়িত্বশীল করে তুলবে। তারা ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখলে বৃত্তির মূল উদ্দেশ্য পূরণ হবে।’
সভাপতির বক্তব্যে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, ‘হা-মীম গ্রুপ ও সমকালের এই বৃত্তি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করছি।’
- বিষয় :
- মেধাবৃত্তি
