ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আরপিও চূড়ান্তে ইসির মুলতবি সভা শুরু 

আরপিও চূড়ান্তে ইসির মুলতবি সভা শুরু 
×

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ১৩:২১

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দিনভর বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেনি ইসি। এই অবস্থায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করে সন্ধ্যা ৭টায় বৈঠক মুলতবি করা হয়।

নির্বাচন কমিশার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বৃহস্পতিবার বলেছিলেন, বৃহস্পতিবারের কমিশন সভায় তিনটি বিষয় আলোচ্য ছিল। এরমধ্যে রাজনৈতিক দল ও দল আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে আলোচনা শুরু হয়েছে; আগামী সপ্তাহে তা চলবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

আরপিও সংশোধন প্রস্তাবের মধ্যে সংস্কার কমিশনের সুপারিশসহ একগুচ্ছ প্রস্তাবনা পর্যালোচনা করা হয়েছে। ছোটোখাটো সংস্কারসহ প্রায় তিন ডজন সংশোধন থাকতে পারে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের বিষয়টিও যুক্ত করা হবে এ সংশোধনীতে। এছাড়া আচরণবিধিতে এআই-রিলেটেড অপব্যবহার রোধে বিধিনিষেধ যুক্ত করা হতে পারে।

নির্বাচন কমিশন বলেছে, জাতীয় ঐকমত্য কমিশনে দলগুলোর মতামতের ভিত্তিতে যেসব বিষয়ে ঐকমত্য হবে তাও আরপিওতে যুক্ত করা হতে পারে।

আইনি সংস্কারের প্রস্তাবনা ইসি যখন অনুমোদন দেবে তারপরই সরকারের কাছে পাঠাবে ইসি সচিবালয়।

নির্বাচন কমিশনের প্রস্তাবনা চূড়ান্ত হলে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সরকারের সায় পেলে আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে।
 

আরও পড়ুন

×