ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রান্তিক নারীদের স্বাস্থ্যসেবা

শক্তি ফাউন্ডেশনকে মোবাইল হেলথ ক্লিনিক দিলো অস্ট্রেলিয়ার দুই সংস্থা

শক্তি ফাউন্ডেশনকে মোবাইল হেলথ ক্লিনিক দিলো অস্ট্রেলিয়ার দুই সংস্থা
×

বর্তমানে ১৯টি মোবাইল হেলথ ক্লিনিকের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সেবা প্রদান করছে শক্তি হেলথ প্রোগ্রাম।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ১৬:৪৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ | ১৭:৫২

দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে শক্তি ফাউন্ডেশনকে আরও আটটি মোবাইল হেলথ ক্লিনিক প্রদান করেছে অস্ট্রেলিয়ান এইড এবং অপারচুনিটি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া। বর্তমানে তাদের সহায়তায় পরিচালিত ১৯টি মোবাইল হেলথ ক্লিনিকের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সেবা প্রদান করছে শক্তি হেলথ প্রোগ্রাম।

প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য মোবাইল হেলথ ক্লিনিকগুলো বিশেষ নকশায় তৈরি করা হয়েছে। গর্ভবতী নারী, শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, প্রবীণ ও যারা দূরে গিয়ে সেবা নিতে অক্ষম তাদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছে এসব মোবাইল হেলথ ক্লিনিক।

প্রথম পর্যায়ে পরিচালিত ১১টি মোবাইল হেলথ ক্লিনিকের মাধ্যমে গত বছর মোট ১ লাখ ২৮ হাজার নারী গ্রাহকদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই সেবার মধ্যে রয়েছে সরাসরি চিকিৎসা, টেলিমেডিসিন সেবা, মাতৃস্বাস্থ্যসেবা, অসংক্রামক রোগের প্রাথমিক চিকিৎসা, টিকা, রোগ নির্ণয়, স্বাস্থ্য শিক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং বিভিন্ন হাসপাতালে রেফারেল সুবিধা।

শক্তি ফাউন্ডেশনের এই প্রকল্পের অন্যতম বিশেষত্ব হলো নারী মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সক্রিয় ভূমিকা। তারা নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে সামাজিক বাধাগুলো অতিক্রম করে নিরাপদ ও ব্যক্তিগত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ‘হেলথ কেয়ার ফর হার, বাই হার’ মডেলটি নারীদের পাশাপাশি শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও সমাজের অন্যান্য দুঃস্থ মানুষের জন্যও সেবা গ্রহণের সুযোগ প্রসারিত করেছে। শক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগ সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রকল্পের কার্যকারিতা আরও বাড়াতে শক্তি ফাউন্ডেশন সেবাগ্রহীতার জন্য অ্যাপ ব্যবহার করছে, যা সেবাগ্রহীতার রোগের তথ্য সংরক্ষণ, ফলো-আপ, ধারাবাহিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

এ প্রসঙ্গে শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ বলেন, শক্তির মোবাইল হেলথ ক্লিনিকগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্পূর্ণ নারী স্বাস্থ্যকর্মীদের দ্বারা পরিচালিত এই মোবাইল হেলথ ক্লিনিকগুলো প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রথম ধাপ হিসেবে কাজ করছে, যাতে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষও তাদের প্রাপ্য সেবা নিশ্চিতভাবে পেতে পারে। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×