অলি আহমদ বললেন
শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন
কর্নেল (অব.) অলি আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ০০:১৬
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে দেশদ্রোহীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কখনও সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কারণ শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তাঁর লোটাবাহিনীও সরকারের অভ্যন্তরে সক্রিয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারের এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অলি আহমদ বলেন, ‘অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের জন্য জাতীয় সংসদসহ বিভিন্ন স্তরের নির্বাচনে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্বরত হবেন, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট গুন্ডাবাহিনী ভোটকেন্দ্রে সমস্যার সৃষ্টি করতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য এর কোনো বিকল্প নেই। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে নতুনভাবে আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে। শেখ হাসিনার দোসররা এখনও চাকরিতে বহাল আছে। এর জবাবদিহি কে করবে? তাদের
ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে।’
অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিবাজ এবং দেশদ্রোহীদের খুঁজে বের করতে আহ্বান জানান অলি আহমদ। তিনি বলেন, ‘যে বা যারা স্বৈরাচারদের সাহায্য করবে, তারা পরাজিত হবে। ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবে। দুর্নীতি এখনও বন্ধ হয় নাই। আমাদের প্রত্যাশা, দুর্নীতি দমন কমিশন তাদের কর্মকাণ্ডের পরিধি আরও বৃদ্ধি করবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, হামিদুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী প্রমুখ।
- বিষয় :
- হাসিনার পতন
