ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতিসংঘের যুব উপদেষ্টা গ্রুপের সদস্যের তালিকায় বাংলাদেশের ঝুমু

জাতিসংঘের যুব উপদেষ্টা গ্রুপের সদস্যের তালিকায় বাংলাদেশের ঝুমু
×

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা গ্রুপের সদস্যরা। ছবি: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ১৩:১৪

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা গ্রুপের তৃতীয় ব্যাচের সদস্যদের তালিকা প্রকাশ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে বাছাইকৃত ১৪ জনের এই সদস্য তালিকায় আছেন বাংলাদেশের ফারজানা ফারুক ঝুমু।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকারদের অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখা কর্মী, উদ্ভাবকদের এই তালিকায় স্থান দেওয়া হয়। সদস্যরা জাতিসংঘ মহাসচিবকে নিজেদের কাজের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেন। 

জাতিসংঘের ওয়েবসাইটে ফারজানার পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন জলবায়ু ন্যায়বিচার কর্মী। শিশুদের অধিকার, লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং জলবায়ু সংকটের প্রভাব কমাতে কাজ করেন। তিনি কাঠপেন্সিল নামে একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। জলবায়ু পরিবর্তনের শিকার জেলা থেকে আসা শিশুদের নিয়ে তিনি কাজ করেন। বর্তমানে তিনি ‘পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম’ এর সহ-সমন্বয়ক। এই উদ্যোগের আওতায় তরুণদের বৈশ্বিক জলবায়ু আলোচনায় সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়।

ফারজানা ফারুক ঝুমু। ছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া

জাতিসংঘ বলছে, এই যুব উপদেষ্টা গ্রুপ মহাসচিবের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে তিনি জলবায়ু সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি তরুণদের সঙ্গে সম্পৃক্ত হন। যুব উপদেষ্টা গ্রুপের তৃতীয় ব্যাচের মেয়াদ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে।

উপদেষ্টা গ্রুপের সদস্যদের মধ্যে আরও আছেন, যুক্তরাষ্ট্র, কেনিয়া, বলিভিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ব্রাজিল, সামোয়া, নর্থ মেসিডোনিয়া, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বারবাডোস ও সুইডেনের প্রতিনিধি। 

আরও পড়ুন

×