ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে ইডিসিএল

এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে ইডিসিএল
×

সংবাদ সম্মেলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ১৬:৩৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ | ১৭:০৩

এক হাজারের বেশি জনবল ছাঁটাই করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। আজ বুধবার দুপুরে ইডিসিএলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামাদ মৃধা।

তিনি বলেন, ইডিসিএলের উৎপাদনক্ষমতা অনুযায়ী দুই হাজারের বেশি অতিরিক্ত জনবল ছিল। তারা সবাই অদক্ষ কর্মী, অনেকের জাল সনদ পাওয়া গেছে। তারা কোনো কাজ করতো না। এই অদক্ষ জনবলের মধ্যে ৭২২ জনকে ছাঁটাই করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বার্থে আরও এক হাজারের বেশি জনবল ছাঁটাই করতে হবে। যাদের ছাঁটাই করা হয়েছে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে।

সামাদ মৃধা বলেন, ‘আগের প্রশাসন নিজের পছন্দ মতো অতিরিক্ত জনবল বসিয়েছে। আমাদের এখানে একটা কক্ষের নাম ছিল রোহিঙ্গা কক্ষ। সেখানে কর্মীদের বসিয়ে রেখে বেতন দেওয়া হতো। আমিতো এমন করতে পারি না। আমরা কোম্পানিটাকে বাঁচিয়ে রাখতে চায়। এজন্য ওই লোকগুলো রাখতে চায় না। কোম্পানির জন্যই লোকগুলো কমানো দরকার। এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকারের অনিচ্ছার কারণে ইডিসিএলকে কখনই যথাযথ ব্যবহার করতে পারেনি। আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত হয়েছি এবং হওয়ার পর থেকে এ প্রতিষ্ঠানটির যে মূল উদ্দেশ্য, সেটিকে অতিপ্রয়োজনীয়কে তৈরিতে ফোকাস করছি। আগে বেশির ভাগ সাধারণ ওষুধ তৈরি করে আসছিল, বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান এবং বিশেষ সহকারী স্যার বলেছেন যে, এই শিল্পের এর লাভ হচ্ছে মানুষের সুস্থতা। আগে ওষুধের কাঁচামাল ক্রয় প্রক্রিয়া অস্বচ্ছ ছিল, আমরা সেগুলোকে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত ও ন্যায়সঙ্গত মূল্যে করছি। কোম্পানির অদক্ষ ও অপ্রয়োজনীয় জনবল কমিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এবং এতে উৎপাদন খরচ কমে এসেছে এবং ইতিমধ্যে ৩৩টি ওষুধের দাম আগের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। আশা করি, এই দিক নির্দেশনাগুলো অটুট থাকলে ৬ মাসের মধ্যে অধিকাংশ ওষুধ এর দাম কমিয়ে ফেলতে পারব।’

আরও পড়ুন

×