ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সম্পাদক গোলাম সারওয়ারকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

সম্পাদক গোলাম সারওয়ারকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ
×

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ার-এর সপ্তম মৃত্যুবার্ষিকীতে বুধবার রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমকাল পরিবার। ছবি: সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ০৪:০২

সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেছে সমকাল পরিবার। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সেখানে পবিত্র ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাত করেন তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, উপসম্পাদক শাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক জাকির হোসেন, বার্তা সম্পাদক রফিকুল রঞ্জু, অনলাইন ইনচার্জ গৌতম বি মণ্ডল, প্রধান প্রতিবেদক মসিউর রহমান খান, উপপ্রধান প্রতিবেদক সাহাদাত হোসেন পরশ, বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ সরকার বাবু, প্রধান আলোকচিত্র সাংবাদিক মাহবুব হোসেন নবীন, গোলাম সারওয়ারের মেয়ের জামাতা মিয়া নাইম হাবিবসহ তাঁর পরিবারের সদস্যরা।

এ ছাড়া গোলাম সারওয়ারের রুহের মাগফেরাত কামনায় বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে প্রয়াতের গ্রামের বাড়িতে গতকাল বাদ জোহর দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় ও ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের দুটি এতিমখানার শিশুরা এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ গোলাম সারওয়ার ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে টানা পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। মুক্তচিন্তা ও প্রগতিশীল মূল্যবোধের সপক্ষে ছিলেন আজীবন সোচ্চার।

সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্য ২০১৪ সালে একুশে পদক, ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা লাভ করেন তিনি। 

আরও পড়ুন

×