আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ২০:১৬
শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওঠায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, তাঁর স্ত্রী হাসিনা ইকবাল এবং এস এম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম ওই তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, এস এম শামীম ইকবালসহ তিনজনের বিরুদ্ধে এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। শতকোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানে তারা দেশত্যাগ করলে সার্বিক কার্যক্রম ব্যাহত হতে পারে। তারা যেন দেশত্যাগ করতে না পারেন এ জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন।
- বিষয় :
- দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আদালত
