মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ২১:২৬
মাদক আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। আজ বুধবার এটিইউয়ের মুখপাত্র পুলিশ সুপার শিরিন আক্তার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯ আগস্ট রাতে গাজীপুর সদর সিটি করপোরেশন মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি রবিউল লালমনিরহাটের কালীগঞ্জ থানায় ২০২২ সালের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় আদালত চলতি বছরের ৩ জুলাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ সুপার শিরিন আক্তার জাহান জানান, রবিউল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তিনি গাজীপুরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন বলে কাছে তথ্য ছিল।
