বিএনপি নেতা সেলিম ভূঁইয়া দুর্নীতি মামলায় খালাস
সেলিম ভূঁইয়া
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ১৯:২৪ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ | ১৯:২৪
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম তাঁকে খালাসের রায় দেন। সেলিম ভূঁইয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন সেলিম ভূঁইয়া। পেশায় তিনি ছিলেন ঢাকার দনিয়া এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ। ২০১৯ সালের ২০ জুন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। তাঁর বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে তিনি এক কোটি নয় লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়া দুদকের অনুসন্ধানে তাঁর নামে চার কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে উল্লেখ করে মামলাটি করা হয়। এছাড়া এজাহারে বলা হয়, এর মধ্যে তিনি এক কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা তা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।
মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন আবদুল ওয়াদুদ। ২০২৩ সালের ২৪ অগাস্ট সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচারে আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
- বিষয় :
- অবৈধ সম্পদ
- বিএনপি
