ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
হিজাব ইস্যুতে শিক্ষিকা বরখাস্ত: পুনর্বহালের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১৯:১৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ | ১৯:২০
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় হিজাব নিয়ে বিতর্কিত ঘটনার জেরে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার প্রতিষ্ঠানটির বসুন্ধরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বসুন্ধরা শাখা প্রাঙ্গণে অবস্থান নেন। তাদের হাতে ছিল নানা স্লোগান লিখিত প্ল্যাকার্ড— ‘মিথ্যা অভিযোগ মুছে দাও, শিক্ষকের ন্যায় ফিরিয়ে দাও’, ‘জাস্টিজ ফর নাহার আপা, শিক্ষক জাতির দিশারী, তার সম্মান রক্ষা করি’ ইত্যাদি।
কর্মসূচিতে অংশ নেওয়া দশম শ্রেণির ছাত্রী মেহের আফরোজ কনক বলেন, ‘আমাদের শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি ছাত্রীদের ড্রেসকোড মানতে বলেছিলেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।’
নবম শ্রেণির ছাত্রী রোকাইয়া বিনতে মাজহার বলেন, ‘আমাদের আপা হিজাব পরতে নিষেধ করেননি, তিনি সঠিকভাবে হিজাব পরতে বলেছিলেন। প্যানেল শিক্ষার্থী যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন, তারা শেষ পিরিয়ডে ওই ক্লাসে গেলে আপা তাদের বলেছিলেন, বাইরে গিয়ে বিষয়টি মিটিয়ে নিতে। প্যানেল ছাত্রীরা ড্রেসকোড না মানা ছাত্রীদের বাইরে নিয়ে ৮-১০ মিনিট কথা বলেন। আমরা আপার পুনর্বহাল চাই।’
জানতে চাইলে ভিকারুনসিনা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সমকালকে বলেন, ‘অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেটা অ্যাডহক কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে। তদন্ত শেষে যে প্রতিবেদন আসবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
