ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমকালে সংবাদ

খামারবাড়ির সাত সংগঠনকে কক্ষ ছাড়ার নির্দেশ

ডে-কেয়ার সেন্টার স্থাপনের কাজ শুরু

খামারবাড়ির সাত সংগঠনকে কক্ষ ছাড়ার নির্দেশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:২৫

রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রধান কার্যালয়। এখানে দীর্ঘদিন কর্মকর্তা-কর্মচারীদের আট সংগঠন সরকারি ১৫টি কক্ষে তাদের কার্যালয় চালাচ্ছিল। সম্প্রতি সমকালে ‘ডে-কেয়ারের জায়গা নেই, সরকারি দপ্তর ভরা সংগঠনের কার্যালয়ে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে কৃষি মন্ত্রণালয়।

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে সংগঠনগুলোর বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়। এর পর ২৫ আগস্ট ডিএই মহাপরিচালক ছাইফুল আলমের সই করা এক চিঠিতে সাত সংগঠনকে তিন দিনের মধ্যে বরাদ্দকৃত কক্ষের চাবি ও সরঞ্জাম বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময় পার হলেও কেউ নির্দেশনা মানেনি। ফলে গতকাল মঙ্গলবার ভবনের দেয়াল থেকে সংগঠনগুলোর সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়।

বরাদ্দ বাতিল হওয়া সংগঠনগুলো হলো– খামারবাড়ি নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি খামারবাড়ি উপপরিষদ, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন, অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার কল্যাণ সমিতি, কৃষিবিদ সমবায় সোসাইটি লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির বরাদ্দ বাতিল করা হয়নি।

কৃষি উপদেষ্টা খামারবাড়িতে একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার গড়ার নির্দেশ দিয়েছিলেন এক বছর আগে। কক্ষ সংকটের অজুহাতে এতদিন এটি হয়নি। এখন ডে-কেয়ার স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. হাবিবউল্লাহ্।

আরও পড়ুন

×