পিএসসির নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রেতা মতিউর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:২০
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিক্রির মামলায় মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার রাজধানীর মালিবাগ সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির সাইবার ইউনিটের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম।
তিনি জানান, সোমবার জামালপুর থেকে মতিউরকে সাইবার ইউনিট গ্রেপ্তার করে। তিনি ফেসবুকে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।
বিষয়টি জানতে পেরে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার। পরে অভিযান চালিয়ে মতিউরকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, মতিউরের নেতৃত্বে চক্রটি পরীক্ষার আগে নিশ্চিত সাজেশনের নামে ফেসবুক পেজে ‘সিক্রেট শিট, কেউ হাতছাড়া করবেন না’, ‘শেষ মুহূর্তের চূড়ান্ত সিক্রেট সাজেশন’, ‘হুবহু কমন পাবেন ৮০-৯০ শতাংশ’– এমন প্রচার চালায়। অর্থ লেনদেনের পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন শিট বিভিন্নজনকে পাঠায়।
জাহিদুল ইসলাম বলেন, ৭০-৮০ চাকরিপ্রত্যাশীর কাছ থেকে সাত-আট লাখ টাকা হাতিয়ে নিয়েছে মতিউরের নেতৃত্বে প্রতারক চক্র। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের সূত্রে পেজের অ্যাডমিনকে ধরে তার মাধ্যমে তথ্যপ্রযুক্তির সহায়তায় মতিউরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্তসংশ্লিষ্টরা জানান, আগামী ১২ সেপ্টেম্বর থানা শিক্ষা কর্মকর্তা পদের এ পরীক্ষা হবে। তার আগে এমন ঘটনায় নড়েচড়ে বসে পিএসসি। বিষয়টি সিআইডিকে জানানোর পর সংস্থাটি অভিযান পরিচালনা করে। মতিউর গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষে বেকার। তার চক্রে ৮-১০ সদস্য সক্রিয়।
- বিষয় :
- গ্রেপ্তার
- পিএসসির প্রশ্নফাঁস
