ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ব্রাজিল জলবায়ু পদক্ষেপ ও বাণিজ্যে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

বাংলাদেশ-ব্রাজিল জলবায়ু পদক্ষেপ ও বাণিজ্যে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
×

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:৩৫

ব্রাজিলের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশ উচ্চাভিলাষী তবে অন্তর্ভুক্তিমূলক ফলাফলের লক্ষ্যে ব্রাজিলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

তিনি বলেন, ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ৩০) ব্রাজিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দরবনের ম্যানগ্রোভ সংরক্ষণে কার্বন বাজার (আর্টিকেল ৬) ব্যবহারের আগ্রহ প্রকাশ করে তিনি স্পষ্ট করেন, কার্বন বাজার কোনোভাবেই জলবায়ু অর্থায়নের বিকল্প হতে পারে না; ন্যায্যতা ও পরিবেশ সুরক্ষার জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা থাকা জরুরি।

রোববার রাতে রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে ব্রাজিলের ২০৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এ আয়োজন করেন। এতে কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, ২০২৪ সালে প্রায় ৩ বিলিয়ন ডলারের লেনদেনের মাধ্যমে ব্রাজিল বর্তমানে লাতিন আমেরিকায় বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। বাংলাদেশের পোশাকশিল্পে ব্রাজিলীয় তুলার জন্য বাজার সুবিধা বৃদ্ধি, পাটজাত পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার, ওষুধ নিবন্ধন সহজীকরণ ও যৌথ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। সম্প্রতি একটি বাংলাদেশি ওষুধ কোম্পানিকে ব্রাজিল কর্তৃক অনুমোদনকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

রিজওয়ানা হাসান বলেন, ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা অর্জন বিশ্ব ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৯৭২ সালের ১৫ মে ব্রাজিল ছিল দক্ষিণ আমেরিকার প্রথম দেশগুলোর একটি যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চপর্যায়ের সফর, যেমন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ও বাংলাদেশি প্রতিনিধিদের জি-২০ নারী ক্ষমতায়ন সম্মেলনে অংশগ্রহণ, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করেছে।

তিনি আরও জানান, কৃষি, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে চারটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং তথ্যপ্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও বাণিজ্য সংলাপসহ ১১টি বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশ জ্বালানি ও টেকসই কৃষিতে ব্রাজিলের অভিজ্ঞতা থেকে শিখতে চায়, একইসঙ্গে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নিজেদের অভিজ্ঞতা ভাগ করতে আগ্রহী।

বক্তব্যে তিনি বাংলাদেশের মানুষের ব্রাজিলীয় ফুটবলের প্রতি অনুরাগের কথা তুলে ধরে দ্বিপাক্ষিক সম্পর্ককে বাণিজ্য, গণতন্ত্র, জলবায়ু উদ্যোগ ও সংস্কৃতিতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তব্যের শেষে তিনি বলেন, বাংলাদেশ-ব্রাজিল বন্ধুত্ব অটুট থাকুক।

আরও পড়ুন

×