সম্প্রীতির নীতি মানুষকে নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার করে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২১:২০
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতি ও সহানুভূতির নীতি আমাদের নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য করে। এজন্যই ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাই নিন্দা করছে।
মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশস্থ ভ্যাটিকান এমবাসি আয়োজিত ‘আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা নীরব ও প্রান্তিক জনগণের অধিকারের পক্ষে সমর্থন অব্যাহত রাখব। তিনি ফিলিস্তিনে স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ ‘দ্বিরাষ্ট্র সমাধান’ বাস্তবায়ন বলেও উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় ভ্যাটিকানের অব্যাহত সমর্থনেরও ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, হলি সি (ভ্যাটিকান সরকার) বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় বোঝাপড়া বৃদ্ধি এবং সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা হলি সি-এর সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সম্পর্কের জন্যও অত্যন্ত গর্বিত। আমরা বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞ।
ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল জর্জ যাকোব কভোকাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
- বিষয় :
- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
