মুখোশ পরে অপরাধে জড়াতেন বুয়েটছাত্রী সনি হত্যায় দণ্ড পাওয়া টগর
ফের অস্ত্রসহ গ্রেপ্তার
বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মুশফিক উদ্দিন টগর।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৩২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৩৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মুশফিক উদ্দিন টগর কারামুক্তির পর জড়িয়েছিলেন অবৈধ অস্ত্রের কারবারে। এ তথ্য জানার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ছাড়াও দুটি মুখোশ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, মুখোশ পরে নিজেকে আড়ালে রেখে নানারকম অপরাধে জড়াতেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুশফিকের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীকালে অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারের সময় তদর কাছ থেকে ৩২ মি. মি. এর ১টি রিভলবার, ১টি ম্যাগাজিন, ১টি কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড (২২ রাইফেল), ১টি ৭.৬২ মি. মি. এর মিসফায়ার গুলি, ১টি শটগানের খালি কার্তুজ, ২টি মুখোশ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এক প্রশ্নের জবাবে লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, সনি হত্যা মামলায় টগর ২০০২ সালের ২৪ জুন গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০২০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার বিশেষ বিবেচনায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়। মূলত আমরা অস্ত্র উদ্ধারে গিয়ে তার পরিচয় পাই। তখন জানতে পারি তিনি বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার অন্যতম আসামি।
উদ্ধার হওয়া মুখোশের বিষয় জানতে চাইলে তিনি বলেন, অনেক ক্ষেত্রে নিজের পরিচয় গোপন রাখতে এসব মুখোশ ব্যবহার করতেন টগর। এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতেন কি না সেটা তদন্তে জানা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় টগরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মুক্তির পর তার বিরুদ্ধে মুগদা থানায় একটি মাদক মামলার তথ্য পাওয়া যায়।
- বিষয় :
- বুয়েট শিক্ষার্থী
- অপরাধ
