হজযাত্রীদের বিমান ভাড়া নিয়ে দুই মন্ত্রণালয়ের দুই মত
.
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:২২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৩১
বিমান ভাড়া চূড়ান্ত না হওয়ায় এখনও ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি সরকার। হজযাত্রী পরিবহনের বিমান ভাড়া নিয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের রয়েছে ভিন্নমত।
ধর্ম মন্ত্রণালয় চাইছে, গতবারের চেয়ে বিমান ভাড়া কমাতে। যেন হজ প্যাকেজের দাম কমানো যায়। বিমান ভাড়া ৮০০ থেকে এক হাজার ডলারের মধ্যে নির্ধারণ করা হোক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চাওয়া, গতবারের চেয়ে বিমান ভাড়া কিছুটা বাড়াতে। তারা ভাড়া প্রস্তাব করেছে ১ হাজার ৩০০ ডলার। তাদের যুক্তি, টাকার বিপরীতে রিয়ালের দর বেড়েছে। দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা না হলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত গড়াতে পারে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ খরচ হয়েছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। এই সময় আর বাড়ানো হবে না বলে ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সে হিসাবে আর এক মাসও সময় নেই। ধর্ম মন্ত্রণালয় থেকে এখনও প্যাকেজ ঘোষণা না করায় হজযাত্রীদের নিবন্ধনে আগ্রহও তেমন দেখা যাচ্ছে না।
জানা গেছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ২৭ জুলাই। দুই মাস হতে চললেও এখন পর্যন্ত সহস্রাধিক ব্যক্তি নিবন্ধন করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত বিমান ভাড়া চূড়ান্ত না হওয়ায় তাদের পক্ষ থেকে হজ প্যাকেজ ঘোষণা আটকে আছে। এ জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। যৌক্তিক ভাড়া নির্ধারণে সমঝোতা না হলে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হবে।
বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধনের জন্য চার লাখ টাকা জমা দিতে হচ্ছে। এরপর প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৬৪১ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪০ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মধ্যে বিমান ভাড়ার বিষয়ে বৈঠক হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। এবার ধর্ম মন্ত্রণালয় দেড় লাখ টাকার নিচে ভাড়া রাখতে চাইলেও বিমান মন্ত্রণালয় ১ লাখ ৮০ হাজার (শুল্কসহ) টাকার প্রস্তাব দিয়েছে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার সমকালকে বলেন, বিমান ভাড়া যৌক্তিক সীমায় না আনলে তারা আন্দোলনে নামবেন।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের বেশির ভাগ খরচের হিসাব পাওয়া গেছে। বাকি হিসাব আনুমানিক ধরে চলতি সপ্তাহেই প্যাকেজ নির্ধারণের লক্ষ্য রাখা হয়েছে। এখন মূলত বিমান ভাড়ার বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়।
- বিষয় :
- হজ ফ্লাইট
- ধর্ম মন্ত্রণালয়
