প্রতিযোগিতা কমিশনে নাকচ গ্রামীণফোনের আবেদন
সিম বিক্রি সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান-শুনানি থাকছে কমিশনের অধীনে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২২:১৭
মোবাইল অপারেটর গ্রামীণফোনের আবেদন নাকচ করেছে প্রতিযোগিতা কমিশন। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রি সম্পর্কিত অভিযোগের অনুসন্ধান ও শুনানি কার্যক্রম প্রতিযোগিতা কমিশনের অধীনেই থাকছে। সোমবার রাজধানীর ইস্কাটনে কমিশন কার্যালয়ে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, আইন অনুযায়ী প্রতিযোগিতা লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখার বিষয়টি প্রতিযোগিতা কমিশনের এখতিয়ারে পড়ে। এটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিষয় নয়। বিটিআরসি টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ভূমিকা পালন করবে, আর প্রতিযোগিতা কমিশন আইন অনুযায়ী বাজার প্রতিযোগিতাবিরোধী প্রভাব দূর করতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শুনানিতে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান, সদস্য ড. আক্তারুজ্জামান তালুকদার, ওয়াহিদ হাসান শাহ ও আফরোজা বিলকিস রায়।
সম্প্রতি প্রতিযোগিতা কমিশনে গ্রামীণফোনের বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার দখলের অভিযোগ আনে অন্য দুই মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও বাংলালিংক। গত ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতা কমিশনে এ বিষয়ে শুনানি শুরু হয়। শুনানিতে গ্রামীণফোনের পক্ষে ব্যারিস্টার শরীফ আহমেদ এ অভিযোগের অনুসন্ধান ও শুনানি বা বিচারিক প্রক্রিয়া প্রতিযোগিতা কমিশনের অধীনে থাকা নিয়ে আপত্তি জানান। তিনি যুক্তি দেন, এ অভিযোগ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির আওতায় পড়া উচিত। এর পরিপ্রেক্ষিতে সোমবার কমিশন জানায়, অভিযোগটির শুনানি প্রক্রিয়া প্রতিযোগিতা কমিশনের এখতিয়ারেই থাকবে।
এক বিবৃতিতে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘বাজার প্রতিযোগিতা ব্যবস্থার অপব্যবহার ও প্রতিযোগিতাবিরোধী অনুশীলনের অভিযোগের তদন্ত যথাযথভাবে এগিয়ে নিতে প্রতিযোগিতা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটি বাজারে সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ।’
তবে গ্রামীণফোন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলছে। প্রতিষ্ঠানটি বলছে, ‘আমরা জানতে পেরেছি, প্রতিযোগিতা কমিশনের একটি আদেশ জারি হয়েছে। এখনও আদেশের কোনো প্রত্যয়িত অনুলিপি পাইনি। তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। তবুও আমরা দৃঢ়ভাবে বলতে চাই– গ্রামীণফোন দেশের প্রচলিত প্রতিযোগিতা আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রামীণফোন কোনোভাবেই প্রতিযোগিতাবিরোধী কার্যকলাপে সম্পৃক্ত নয়। মূল্য নির্ধারণ, বিপণন ও বিতরণ সম্পর্কিত অভিযোগ ভিত্তিহীন।’
- বিষয় :
- গ্রামীণফোন
