ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তা

দুই লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে

দুই লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:০১

দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আগামীকাল বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। গতকাল সোমবার বাহিনীর মুখপাত্র উপপরিচালক মো. আশিকউজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক নিরাপত্তা কর্মপরিকল্পনা বাস্তবায়নের আগে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদরদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং আনসার-ভিডিপি সদস্যদের যথাযথ দিকনির্দেশনা দেন। তিনি নিরাপত্তা দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোকে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেই সঙ্গে দেশের ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ছয়জন করে সদস্য থাকবেন, যারা নিয়মিত টহল পরিচালনা ছাড়াও যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন।

পূজা উৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপন সম্ভব হবে বলে আশা প্রকাশ করে বাহিনীর মহাপরিচালক বলেন, আনসার ও ভিডিপি সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। 

মোতায়েন করা সদস্যরা দায়িত্বের পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে দুর্ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে রিপোর্ট করবেন। এসব তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সঙ্গে ভাগাভাগি করে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×