বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার তথ্য সঠিক নয়
.
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০১
বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতবাস। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, ‘বাংলাদেশিদের জন্য আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’ এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সংবাদগুলোতে ‘ইউএইভিসাঅনলাইন ডটকম’ নামের একটি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত তথ্যের সূত্র উল্লেখ করা হয়েছে। ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। আমিরাত নিশ্চিত করেছে, এই জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি। ওই ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, এটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর এবং কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের। নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে দেওয়া কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। কোম্পানির প্রধান কার্যালয়ের যে ঠিকানা দেওয়া আছে তা দুবাইয়ের।
দূতাবাস নিশ্চিত করেছে, ঠিকানাটিতে ব্যবহার করা ভবন বা বাসা নম্বরের কোনো অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর গ্রাহক রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ গ্রাহক আর্থিকভাবে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন। বাংলাদেশ ও আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এই ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বলেছে দূতাবাস।
