যুক্তরাষ্ট্রে নেতাদের হেনস্তা, ঢাকায় তীব্র প্রতিক্রিয়া
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৩৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:৪৭
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে আগে থেকেই প্রতিহত করার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে পৌঁছালে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে তাঁর সফরসঙ্গী রাজনীতিবিদদের হেনস্তা করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। নেতাদের গালাগাল, ধর্ষণের হুমকিসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন কার্যক্রমে চরম প্রতিক্রিয়া হয়েছে ঢাকাসহ সারাদেশে। প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে।
স্থানীয় সময় সোমবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সরকারপ্রধান হিসেবে বিশেষ নিরাপত্তাবিশিষ্ট অন্য একটি ফটক দিয়ে প্রধান উপদেষ্টা বেরিয়ে গেলেও তাঁর সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষোভের মধ্যে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে স্লোগান দেওয়ার পাশাপাশি নারী রাজনীতিবিদকে ধর্ষণের হুমকিসহ তুমুল গালাগাল করেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।
এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার বিষয়টি সামনে এসেছে। কারণ, এ সফরে আওয়ামী লীগের এ ধরনের কর্মসূচির বিষয়টি সরকার আগে থেকেই জানত। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেট জেনারেলের কার্যালয় বাংলাদেশ প্রতিনিধি দলের নিরাপত্তায় কী করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কী নির্দেশনা গিয়েছে– সে প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে।
পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানরা এ সময় নিউইয়র্কে অবস্থান করেন। ফলে যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা ব্যবস্থা দেখে কেউ কেউ হতাশাও প্রকাশ করেছেন।
সরকারের দুঃখ প্রকাশ
নিউইয়র্কের বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এ হামলা করেছে বলে অভিযোগ রয়েছে।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই সফরে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়টি আঁচ করে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক পূর্বসতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করেছিল। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে প্রথমে নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে নিয়ে যাওয়া হয় এবং বিশেষভাবে সুরক্ষিত পরিবহন ইউনিটে ওঠানো হয়। তবে অপ্রত্যাশিত ও শেষ মুহূর্তের ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে প্রতিনিধি দলকে পথ পরিবর্তন করে বিকল্প নির্গমনপথ দিয়ে বের হতে হয়। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা-সুবিধা অব্যাহত রাখার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও দুঃখজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের ওই সদস্যরা ঝুঁকির মুখে পড়েন। অনিচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটেছে।
ব্যর্থ কর্মকর্তাদের শাস্তি চায় এনসিপি
বিমানবন্দরে আখতার হোসেনকে হেনস্তা ও তাঁর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়েছে এনসিপি। আখতার হোসেনসহ অন্যদের নিরাপত্তা দিতে ‘ব্যর্থতার’ জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ভেতরের একটি অংশের মদদেই এসব হামলা ঘটছে। আমরা দেখেছি, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামি অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি জানানো হয়। সেগুলো হলো– যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলাকারী সবাইকে চিহ্নিত ও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিউইয়র্কের কনসাল জেনারেলকে অবিলম্বে পদত্যাগ এবং ঘটনার পূর্ণ তদন্ত করে নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী লীগের দোসরদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ, উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ এবং জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ ও ত্বরান্বিত করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, এ ঘটনার প্রতিবাদে রাজধানীতে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর শাহবাগে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন নেতাকর্মীরা। একই সঙ্গে দেশের সব জেলা ও মহানগরেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া নিউইয়র্কে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানাতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন ডিম নিক্ষেপ করে।
গুলিতে ভয় পাইনি, ডিমে কিছু যায়-আসে না: আখতার
নিউইয়র্কে বিমানবন্দরে ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই। অতএব, কারও ছোড়া ডিমে আমাদের কিছু যায়-আসে না।’
এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে আখতার হোসেনকে এ কথা বলতে শোনা যায়। তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।
আওয়ামী লীগ বিন্দুমাত্র অনুশোচনা করে না: ফখরুল
আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক পেজে তিনি লিখেছেন, নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে।
গালির জবাবে দোয়া হবে: ডা. শফিকুর
জামায়াতকে যারা গালি দেয়, তার জবাবে জামায়াতের কর্মসূচি গালি নয়, বরং দোয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।
বিচার বিলম্বিত হওয়ায় হামলা ঘটছে: ডাকসু
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল দুপুরে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এমন ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটছে।
বাড়িতে হামলার হুমকি, পাল্টা অবস্থান গ্রামবাসীর
সিলেট ব্যুরো জানায়, এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ করা মিজানুর রহমান চৌধুরীর জকিগঞ্জের বাড়িতে হামলার হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় এক ছাত্রদল নেতাসহ একাধিক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে একত্র করার চেষ্টা করেন। এরপর বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা কালীগঞ্জ বাজারে অবস্থান নেন। পরে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যে কোনো হামলা মোকাবিলা করতে প্রস্তুত থাকার ঘোষণা দেয় এলাকার লোকজন।
শরীয়তপুর প্রতিনিধি জানান, ড. ইউনূসের সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আলোচনায় আসা যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসানের শরীয়তপুরের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।