হাইকোর্টের রুল জারি
বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করতে কেন নির্দেশ নয়
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:১৭
বরগুনা জেলার আগের তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ বুধবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বরগুনা জেলার আগের তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করতে রিট করেন ওই এলাকার বাসিন্দারা।
জানা যায়, দেশ গঠনের পর থেকে বরগুনা জেলার ছয়টি উপজেলা নিয়ে তিনটি সংসদীয় আসন ছিল—বরগুনা-১ (সদর ও বেতাগী), বরগুনা-২ (পাথরঘাটা ও বামনা) ও বরগুনা-৩ (আমতলী ও তালতলী)। তবে ২০০৮ সালের ১০ জুলাই আসন পুনর্বিন্যাস করে বরগুনাকে দুটি আসনে রূপান্তর করা হয়। নতুনভাবে বরগুনা-১ গঠিত হয় সদর, আমতলী ও তালতলী নিয়ে এবং বরগুনা-২ গঠিত হয় পাথরঘাটা, বেতাগী ও বামনা নিয়ে।
সম্প্রতি নির্বাচন কমিশন আসন সংখ্যা পুনর্বহাল না করে নতুন করে দুটি আসনের গেজেট প্রকাশ করে। এর আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
- বিষয় :
- হাইকোর্ট
- বরগুনা
- হাইকোর্টের রুল
- সংসদীয় আসন
