ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হাসপাতালে সেবা পেতে প্রবীণদের যুদ্ধ করতে হচ্ছে: ডা. জাহিদ

হাসপাতালে সেবা পেতে প্রবীণদের যুদ্ধ করতে হচ্ছে: ডা. জাহিদ
×

জাতীয় প্রেস ক্লাবে ‘প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১৫:২০ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ১৫:৪৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গুরুতর বা জটিল রোগে আক্রান্ত প্রবীণদের রাজধানীর হাসপাতালে সেবা পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। ঢাকার একাধিক হাসপাতালে দীর্ঘ সারি, অপেক্ষা ও অপর্যাপ্ত সুযোগ-সুবিধার কারণে তাদের দুর্ভোগ সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকার বড় হাসপাতালে যেমন ঢাকা মেডিকেল কলেজে প্রবীণরা চিকিৎসা নিতে গিয়ে সংকটের মুখে পড়ছেন।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে আজহার‑শফিক ফাউন্ডেশন। সভার মূল আলোচ্য বিষয় ছিল-রাষ্ট্র ও সমাজের প্রবীণদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং করণীয়।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘গত ১৪ মাসে প্রবীণদের জন্য কোনো বিশেষ ইনসেনটিভ বা সহায়তা দেয়নি সরকার। তাই আমাদের চাওয়া, নির্বাচিত সরকারের মাধ্যমে একটি নীতিমালা তৈরি করা জরুরি, যা প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। প্রবীণরা চায় শুধু সহানুভূতি; তাদের চাওয়া মাত্র একটি ভালো ব্যবহার। এটি নিশ্চিত করা এই সমাজ ও আমাদের দায়িত্ব।’

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘শিশু ও যুবকের জন্য আমরা “জয়া গান” গাই, কিন্তু প্রবীণদের খোঁজ রাখি না। হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য বিশেষ বিভাগ বা ছাড়ের ব্যবস্থা নেই। এটি অবশ্যই স্বাস্থ্য ও সমাজসেবা মন্ত্রণালয়ের দায়িত্ব।’ প্রবীণ ভাতা চালুর দাবি ও পাড়া‑মহল্লায় প্রবীণ ক্লাব স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, প্রাণিসম্পদ বিভাগের সাবেক মহাপরিচালক ড. কাজী মো. ইমদাদুল হক এবং প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজহার‑শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট  এ.কে.এম. শফিকুল ইসলাম রঞ্জু।

আরও পড়ুন

×