সব ধর্মের উৎসব ভয়হীন-আনন্দময় পরিবেশে হবে: শারমীন মুরশিদ
ছবি: বিজ্ঞপ্তি থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১৯:৪৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ | ২০:৩৮
নতুন বাংলাদেশে সব ধর্মীয় উৎসব ভয়হীন-আনন্দময় পরিবেশে পালিত হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমাজের সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদেরকে মানবিক দায়িত্ব পালন করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সহায়তা ডেস্ক’ চালু করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় দায়িত্ব পালনে নিয়োজিত আছেন। জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল ফ্রি হটলাইন নাম্বার ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার ১০৯ সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। এছাড়াও সরাসরি কন্ট্রোল রুমের নাম্বার চালু রয়েছে।
প্রসঙ্গত, কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বার: ১০৮১৮২১১৭৬৩, ০১৯২০৯৫০১৫২, ০১৭৪৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭ ও ০১৯৫৮১৯৩২৪১। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তথ্য সরবরাহের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে নাগরিকদের সহযোগী ভূমিকা পালনের আহবান জানান উপদেষ্টা।
দুর্গাপূজা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিন বলেন, আমাদের সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের একসাথে বসবাস। সবাই মিলে এ দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব; একসাথে বসবাস করবো- এই হোক আমাদের অঙ্গীকার।
ঢাকেশ্বরী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি
- বিষয় :
- শারমীন মুরশিদ
- ধর্মীয় উৎসব
