ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষা অধিকার সংসদের ওয়েবিনার

শিক্ষকতা পেশা আকর্ষণীয় করতে রাষ্ট্রীয় বিনিয়োগ দরকার

শিক্ষকতা পেশা আকর্ষণীয় করতে রাষ্ট্রীয় বিনিয়োগ দরকার
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১১:০৬ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ | ১৩:১৪

শিক্ষকতা পেশা আকর্ষণীয় করতে রাষ্ট্রীয় বিনিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাদের সম্মান ও সম্মানী উভয় দিকেই মনোযোগী হতে হবে। শিক্ষা অধিকার সংসদ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় এক ওয়েবনারে বক্তারা এ আহবান জানান।

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’- শিক্ষক দিবসের এ প্রতিপাদ্যকে ধারন করে আয়োজিত ওয়েবিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের অধ্যাপক ড. মাহবুবুর রাজ্জাক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. নাজমুন নাহার।

ওয়েবিনারের শুরুর দিকে প্রশাসন কতটা শিক্ষকবান্ধব বিষয়ে বলতে গিয়ে খ. ম. কবিরুল ইসলাম বলেন, শিক্ষা এখন কোনোরকম জোড়াতালি দিয়ে চলছে। রাষ্ট্র ও প্রশাসনকে যেভাবে শিক্ষকবান্ধব হওয়া উচিত, সেভাবে আমরা দেখছি না। নীতি নির্ধারণী প্রয়োজনে শিক্ষকদের অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষা খাতে বরাদ্দ আন্তর্জাতিক মান অনুসারে একেবারেই নগন্য, সেখানেও দৃষ্টি দিতে হবে।

উচ্চশিক্ষায় শিক্ষকদের মানোন্নয়ন ও গবেষণা প্রসঙ্গে বক্তব্যে অধ্যাপক ড. নাজমুন নাহার বলেন, শিক্ষকদের যেমন তার নিজ বিষয়ে বিশেষ জ্ঞান থাকা জরুরি। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের থেকেও শিখতে পারেন। একইসঙ্গে শিক্ষকদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা দরকার।

ওয়েবিনারে শিক্ষক প্রশিক্ষণের স্বরূপ বিষয়ে কথা বলেন মাদারীপুর প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর ইনস্ট্রাক্টর মুহাম্মদ শাহাদাত হুসাইন। সমাজ ও গণপরিসরে শিক্ষকদের মর্যাদা ও ভূমিকা বিষয়ে বক্তব্য দেন সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক, মাহফুজুর রহমান মানিক। মাদ্রাসায় শিক্ষকতার চ্যালেঞ্জ বিষয়ে কথা বলেন কেওয়া খাদিজাতুল কোবরা (রা.) ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. আলমগীর কবির। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় পারিপার্শ্বিক সহযোগিতা বিষয়ে বক্তব্য দেন মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না পারভীন। শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের রসায় নিয়ে কথা বলেন রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদরাসার প্রভাষক নাজনীন নাহার এবং ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা বর্ণনা করেন নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মিনহাজুল আরেফিন।

অধ্যাপক ড. মাহবুবুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, আজ আমাদের শিক্ষকরা খুব একটা ভালো নেই। তাদের ভালো থাকার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া দরকার।

অধ্যাপক ড. মনিনুর রশিদ বলেন, মানুষের শিক্ষার শুরু হয় প্রাথমিক পর্যায়ে, সেখানেই বিনিয়োগ হওয়া দরকার বেশি। শিক্ষকদের চাকরিটাকে আকর্ষণীয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। শিক্ষকতা মহান পেশা আমরা বলছি, কিন্তু তাদের জন্য কাজের কাজ কিছু হচ্ছে না।

ওয়েবিনারে আরও বক্তব্য দেন শেরপুর পিটিআই ইনস্ট্রাক্টর মো. আবদুর রাজ্জাক, পিটিআই ইনস্ট্রাক্টর মো. মঈনুল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনালের শিক্ষক আবু সাদাত, শিক্ষা অধিকার সংসদের মিসবাহুর রহমান আসিম।  

ওয়েবিনার সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মো. বুরহানউদ্দিন নোমান।

আরও পড়ুন

×