এক সপ্তাহের মধ্যে গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে: তাজুল ইসলাম
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১৭:৪২ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ | ১৭:৫৩
গত ১৫ বছর আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘এ সপ্তাহের মধ্যে এই গুমের মামলার অনেক ঘটনা ঘটবে।’
আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশ্যে চিফ প্রসিকিউটর বলেন, ‘এগুলো (বিভিন্ন মামলায় দেওয়া ফরমাল চার্জ) হলো তাদের জন্য জবাব। তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল, সে সময় পার হয়েছে। তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর একটার পর একটার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনেক মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল, এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার এই দেশে যাতে হয়, সেটার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে। আশা করছি, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এ বিচার কাজ সম্পন্ন হবে।’
ওবায়দুল কাদেরের মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘আমরা যেটা বারবার বলেছি, সব তো আর একবারে হবে না। ক্রমান্বয়ে হতে থাকবে। এগুলো মেচিউর স্টেজে আছে। যথাসময়ে তার ফলাফল দেখতে পাবেন। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে দায়মুক্তি দেওয়া হবে, কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করবেন, এ ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায়বিচার সব সময় তার নিজ গতিতে চলব।’
