আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী
পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন
পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ১৮:৪১ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ১৮:৪২
নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার পলাশী মোড়ে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি উদ্বোধন করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি সাদিক কায়েম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান।
উদ্বোধনের পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘আট স্তম্ভ তৈরি করায় আমি কৃতজ্ঞতা জানাই। আবরার ফাহাদ আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ হয়েছেন। আমি আহবান জানাই- জুলাইয়ে আহত এবং নিহতদের তালিকা করা হচ্ছে। পাশাপাশি বিগত সময়ে অত্যাচারে র্যাগিংয়ের শিকার হয়ে শহীদদের তালিকার করার কথা ছিল, সেই তালিকা যেন দ্রুতই করা হয়।’
২০২০ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের প্রথম শাহাদতবার্ষিকীতে আখতার হোসেনের উদ্যোগে আট স্তম্ভ নির্মাণ করা হলে সেটি ভেঙে দেওয়া হয়। আট স্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেওয়ার কারণে আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। পাঁচ আগস্টের পরে এটি নতুন করে তৈরি করা হয়েছে।
আটটি স্তম্ভের নাম- সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা। এই স্তম্ভের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ২০১৯ সালে যেদিন আবরার ফাহাদ শহীদ হন, তখন একটি বিরূপ পরিস্থিতি বিরাজ করছিল। আমরা তখন আন্দোলনের প্রস্তুতি নেই। অনেকে সন্দেহ প্রকাশ করেছিল- আবরার ফাহাদ শিবির কিনা, যেন শিবির হলে মারা জায়েজ। সেসময় প্রবল আন্দোলন গড়ে তোলা এবং সিসিটিভি ফুটেজ রাখার ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা বড় অবস্থান জারি রেখেছিল। আমরা মনে করি, জুলাইয়ে প্রত্যেক শহীদের অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের লড়াই থেকে। ফ্যাসিবাদী সময়ে আবরার ফাহাদ আমাদের সাহস জুগিয়েছে।
আট স্তম্ভ করার স্মৃতিচারণ করে তিনি বলেন, ২০২০ সালে আট স্তম্ভ নির্মাণের পর সেটা ভেঙে ফেলা হয়, ভেঙে নেওয়া হলেও আট স্তম্ভ আবার আমরা একই জায়গায় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আটটি স্তম্ভে যে মূলনীতি লেখা আছে সেগুলো গুরুত্বপূর্ণ। আট স্তম্ভের লেখার মধ্যে এ অঞ্চলের মানুষের লড়াইয়ের মূল কথা নিহিত রয়েছে, এই শব্দগুলোর লড়াই বাস্তবায়িত হলে এই ব-দ্বীপের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।
মাহফুজ আলম বলেন, তরুণ প্রজন্ম আমাদের বড় শক্তির উৎস। আবরার ফাহাদ এবং জুলাইয়ের শহীদদের ধারণ করে আধিপত্যবাদ উপনিবেশকে পরাস্ত করতে হলে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করতে হবে।
আখতার হোসেন বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের পক্ষের সকল শক্তির ঐক্যের প্রতীক। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পরে ফ্যাসিবাদবিরোধী সকল দল আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আবরার ফাহাদ সার্বভৌমত্বের প্রশ্নে জীবন দিয়েছিলেন। আবরার ফাহাদ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নয়, এটা ফ্যাসিবাদবিরোধী শক্তির একত্রিত হওয়ার মূল মন্ত্র।
- বিষয় :
- আবরার ফাহাদ
- বুয়েট
