পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশের দুই সংগঠনের উদ্বেগ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ২২:৩৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ২৩:২৪
দেশের বিভিন্ন স্থানে পুলিশের পেশাগত কাজে বাধা, হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডিআইজি ড. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের শান্তি–শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও জাতীয় অনুষ্ঠান আয়োজন, র্যালি, সাংস্কৃতিক বা সামাজিক উৎসব, অনুষ্ঠান উদযাপনে পুলিশ সদস্যরা দিন–রাত মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা বজায় রাখেন। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে নবউদ্যমে পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের সব অগ্রযাত্রায় সারথি হওয়ার চেষ্টা করছে। এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেও সম্প্রতি নরসিংদী, সিলেট, বগুড়া ও ফেনীতে কিছু উচ্ছৃঙ্খল জনতার পুলিশের ওপর বেআইনি আক্রমণের ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
বিবৃতিতে আর বলা হয়, গত ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর আক্রমণ এবং বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সদস্যকে গ্রেপ্তারের সময় অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হন। ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও ৫ পুলিশ সদস্য আহত হন। ফেনীর সোনাগাজী থানা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে পুলিশের মনোবল দুর্বল করার জন্য ইউনিফর্মধারী পুলিশকে তাদের পেশাগত কাজে বাধা দেওয়া এবং লাঞ্ছিত করার এসব ঘটনা ঘটিয়েছে। জনশৃঙ্খলা ও আইনের শাসন পরিপন্থি অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আইন প্রয়োগে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেবে।
এদিকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলী ইফতেখার হাসান ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এসব অনাকাঙ্ক্ষিত ও বেআইনি ঘটনা শুধু পুলিশ বাহিনীর জন্য নয়, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা, হামলা বা লাঞ্ছনার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক।
বিবৃতিতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলা বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দুর্গাপূজাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে পুলিশ দক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করেছে। এসব ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ বাহিনী সদাসচেষ্ট রয়েছে।
- বিষয় :
- পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
- পুলিশ
- হামলা
- উদ্বেগ
- নিন্দা
