ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চানখাঁরপুলে ছয় খুন

আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
×

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ১১:০৫ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ১২:৪৭

ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ তাঁর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি বলেন, চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। আহত হন বহু আন্দোলনকারী। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ওই ছয়জনকে গুলি করে হত্যা করে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ এ মামলায় মোট আট পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন– ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, যারা বর্তমানে পলাতক। অন্যদিকে শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। আটজনের বিরুদ্ধে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়েছে। 

আরও পড়ুন

×