ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন

‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
×

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ২২:৩৩ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ২২:৫৪

সাইবার সুরক্ষা অধ্যাদেশের পাশাপাশি ‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ এবং ‘জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশের ফলে ডেটার (উপাত্ত) মালিকানা জনগণের কাছে থাকবে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘ব্যক্তি তথ্য উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে ডেটা লোকালাইজেশন আমরা উঠিয়ে দিয়েছি। অর্থাৎ যেহেতু বিশ্ব ক্লাউডে যাচ্ছে, সারা বিশ্বের একটা কমন উদ্দেশ্য হচ্ছে ক্লাউড ফার্স্ট। মাইক্রোসফট, অ্যাপলের মতো প্রতিষ্ঠান ক্লাউডেই সবকিছু প্রসেস করে। সেজন্য আমরা যদি ডেটা লোকালাইজ করি, পটেনশিয়ালি আমাদের বিজনেস ব্লক করে দিচ্ছি। সেজন্য আমরা যৌক্তিক কারণে সেখান থেকে সরে এসেছি।’

তিনি বলেন, সরকার মনে করছে, প্রস্তাবিত অধ্যাদেশ জারি হলে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মজুত বা ধারণ, ব্যবহার, স্থানান্তর, প্রকাশ, বিনষ্ট করা, আন্তর্জাতিক মান বজায় রাখা সর্বোপরি ডিজিটাল সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তাবিত অধ্যাদেশে সরকার ব্যক্তিগত উপাত্ত চারটি শ্রেণিতে ভাগ করেছে—পাবলিক বা উন্মুক্ত ব্যক্তিগত উপাত্ত, অভ্যন্তরীণ ব্যক্তিগত উপাত্ত, গোপনীয় ব্যক্তিগত উপাত্ত এবং সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্ত।
 

আরও পড়ুন

×