ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

উপদেষ্টা পরিষদের বৈঠক

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হচ্ছে

সাইবার সুরক্ষা অধ্যাদেশ আবারও সংশোধন করছে সরকার

ডিজিটাল নিরাপত্তা আইনের  সব মামলা বাতিল হচ্ছে
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ০৭:২৩

| প্রিন্ট সংস্করণ

সাইবার সুরক্ষা অধ্যাদেশ আবারও সংশোধন করছে সরকার। ইতোমধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই দায় থেকে মুক্তি পাবেন এবং তদন্তাধীন মামলা বাতিল হবে।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে  উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৫০ ধারা সংশোধন করে ৫০-এর উপধারা (৪) এরপর নতুন উপধারা (৪ক) যুক্ত করা হয়েছে। 

ডেটার মালিকানা জনগণের 
সাইবার সুরক্ষা অধ্যাদেশের পাশাপাশি ‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ এবং ‘জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশের ফলে ডেটার (উপাত্ত) মালিকানা জনগণের কাছে থাকবে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সরকার মনে করছে, প্রস্তাবিত অধ্যাদেশ জারি হলে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মজুত বা ধারণ, ব্যবহার, স্থানান্তর, প্রকাশ, বিনষ্ট করা, আন্তর্জাতিক মান বজায় রাখা সর্বোপরি ডিজিটাল সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তাবিত অধ্যাদেশে সরকার ব্যক্তিগত উপাত্ত চারটি শ্রেণিতে ভাগ করেছে– পাবলিক বা উন্মুক্ত ব্যক্তিগত উপাত্ত, অভ্যন্তরীণ ব্যক্তিগত উপাত্ত, গোপনীয় ব্যক্তিগত উপাত্ত এবং সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্ত।

ময়মনসিংহ, বরিশাল, রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে 
ময়মনসিংহ, বরিশাল, রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য তিনটি অধ্যাদেশ হচ্ছে। উপদেষ্টা পরিষদ গতকাল এই অধ্যাদেশগুলো অনুমোদন দিয়েছে।
বৈঠকে প্রাণিসম্পদ সপ্তাহকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতিবছর নভেম্বর মাসের মাঝামাঝি তা উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ ছাড়া উপদেষ্টা পরিষদে আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে। কাস্টমস আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, আয়কর আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, এবং দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর খসড়া অনুমোদন করা হয়েছে বৈঠকে। উপদেষ্টা পরিষদ একটি প্রস্তাবের ভিত্তিতে শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবও অনুমোদন করেছে। এ ছাড়া, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা উত্তীর্ণদের কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট (ক্যাডেট সিডিসি) প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×