আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ০৭:২৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ১৮:০১
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার ইতালির রোম সফরে যাচ্ছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে। খবর বাসসের।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। সেই সঙ্গে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের আসরটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে রোমে এফএও সদর দপ্তরে।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
সংশোধনী: এর আগে খবরটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বলে সমকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। আসলে এটি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।
- বিষয় :
- প্রধান উপদেষ্টা
- ড. মুহাম্মদ ইউনূস
- ইতালি
- রোম
