ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এনসিটিবির কার্যকর স্বায়ত্তশাসন ও স্বচ্ছতা চায় টিআইবি

বই মুদ্রণ-বিতরণের দায়িত্ব স্থানান্তর 

এনসিটিবির কার্যকর স্বায়ত্তশাসন ও স্বচ্ছতা চায় টিআইবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ০২:৫৯

পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হাতে ন্যস্ত করার সিদ্ধান্তকে ‘অকার্যকর ও অবাস্তব’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পরিবর্তে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দীর্ঘদিনের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সুশাসনের সংকট দূরীকরণ বেশি জরুরি বলে মনে করে সংস্থাটি। 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান রোববার এক বিবৃতিতে বলেন, ‘পাঠ্যপুস্তক ব্যবস্থাপনার দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তর করা কোনো সমাধান নয়। এটি মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো অদূরদর্শী সিদ্ধান্ত। এনসিটিবির বাস্তব স্বায়ত্তশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সুশাসন প্রতিষ্ঠাই সমস্যার স্থায়ী সমাধান।’ 
তিনি বলেন, বিদ্যমান আইন সংশোধন করে প্রাথমিক স্তরের পাঠ্যবই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মুদ্রণ ও বিতরণের উদ্যোগ এনসিটিবিকে দুর্বল করবে। অথচ সমস্যার মূল জায়গায় কোনো গুণগত পরিবর্তন আনবে না। সুশাসনের ঘাটতি ও ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রতিকার এবং প্রতিরোধের কার্যকর উপায় অনুসন্ধান করাই এখন জরুরি। দুর্নীতিতে জড়িত সবার দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 

টিআইবি মনে করে, এনসিটিবির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সক্ষমতাকে আমলাতান্ত্রিক প্রভাবে দুর্বল করে নতুনভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এই দায়িত্ব দেওয়া অযৌক্তিক ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। এতে সমন্বয়হীনতা ও সংকট আরও বাড়বে। তথাকথিত বিকেন্দ্রীকরণের ফলে কার্যত দুটি বাস্তবায়নকারী সংস্থা থাকলেও যদি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা না যায়, তাহলে এটি ফলপ্রসূ হবে না। বরং এক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হবে মাত্র। 

ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, সময়মতো বই সরবরাহে ব্যর্থতা ও কাজের সমন্বয়হীনতার দায় কি শুধু এনসিটিবির? সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্বও সমানভাবে রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার এবং স্বায়ত্তশাসনের পথে প্রতিবন্ধকতা এনসিটিবিকে অদক্ষতা ও অনিয়মের জালে আবদ্ধ করেছে। 
টিআইবি সরকারের প্রতি আহ্বান জানায়, এনসিটিবিকে যাতে পাঠ্যপুস্তক প্রণয়ন, দরপত্র, মুদ্রণ ও বিতরণ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেওয়া হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। 

আরও পড়ুন

×