ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনে আনসারের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন

নির্বাচনে আনসারের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন
×

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে আসন্ন নির্বাচন প্রস্তুতি ও বাজেট বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহাম্মদ ভূঁইয়া। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ২২:৪৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য যে কোনো সময়ের তুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন ও অধিক পেশাদার। সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদরদপ্তরে আসন্ন নির্বাচন প্রস্তুতি ও বাজেট বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. ফয়সাল আহাম্মদ ভূঁইয়া।

তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, জাতীয় নির্বাচনে শতভাগ প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হবেন নবীন প্রজন্ম থেকে আসা। তারা ব্যক্তি বা গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। 

ফয়সাল আহাম্মদ ভূঁইয়া আরও বলেন, রাষ্ট্রের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যৌক্তিকতার সঙ্গে নির্বাচনী বাজেট প্রণয়ন করা হয়েছে। কিছু সংবাদমাধ্যমে ইতোমধ্যে বাহিনীর নির্বাচনসংক্রান্ত বাজেট প্রসঙ্গে ভিন্নধর্মী প্রচার হয়েছে, যা বাহিনী ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি প্রতি ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি থেকে ১২ জন সদস্য দায়িত্বে থাকবেন। এ ছাড়া প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন; যার ফলে সম্ভাব্য প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ব্যাটালিয়ন আনসার সদস্য। 

নির্বাচনী প্রস্তুতি ও বাজেটসংক্রান্ত গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল, পরিচালক (অপারেশন্স) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক (প্রশাসন-কিউ) আশরাফুল ইসলাম, পরিচালক (সিএইচটি-অপস্) জাহিদ হোসেন ও উপপরিচালক মো. আশিকউজ্জামানসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন

×