ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যুর ঘটনায় মহিলা পরিষদের শোক ও উদ্বেগ

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যুর ঘটনায় মহিলা পরিষদের শোক ও উদ্বেগ
×

বাংলাদেশ মহিলা পরিষদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৮:৩০

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুন পাশের গার্মেন্টসে ছড়িয়ে পড়ে। আগুনে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় ১৬ জন গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন সংবদমাধ্যমে জানা যায়- কসমি ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি গার্মেন্টস কারখানায়। কেমিক্যাল গোডাউনে বিভিন্ন ধরনের রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

বিবৃতিতে মহিলা পরিষদ আরও বলেছে, গার্মেন্টসের ছাদের গেট বন্ধ থাকায় কর্মীরা বাইরে বের হতে পারেননি এবং তারা ছাদেও উঠতে পারেননি। বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনায় হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহত সব শ্রমিকের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

মহিলা পরিষদ মনে করে, দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সংগঠন ও বিশেষজ্ঞদের রাজধানীতে কেমিক্যাল গুদাম স্থানান্তরের দাবির প্রেক্ষিতে কোনও কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণেই এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা আবারও সংঘটিত হলো। বাংলাদেশ মহিলা পরিষদ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে ইতোপূর্বে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কমিটির সব সুপারিশ আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল গুদাম, দাহ্য ও বিস্ফোরক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার ও সংরক্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মক্ষেত্রে শ্রমজীবী মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

আরও পড়ুন

×