ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রণালয়ের

ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রণালয়ের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ২১:৩১

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ২০ অক্টোবর জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসুর স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিদুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, মাঠ প্রশাসনের এসব অফিসে সংরক্ষিত রেকর্ড ও নথিপত্র জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ। তাই আকস্মিক অগ্নিকাণ্ড বা অন্য কোনো বিপর্যয়ে যাতে এগুলোর ক্ষতি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দেশের সব জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো এ নির্দেশনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

×