ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাইকোর্টে রুল

পাঁচ মামলায় বিচারপতি খায়রুল হককে কেন জামিন নয়

পাঁচ মামলায় বিচারপতি খায়রুল হককে কেন জামিন নয়
×

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২২:৪৯

হত্যা, দুর্নীতিসহ পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না– তা জানতে চেয়েছেন হাইকোর্ট। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি।

এদিন বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও কামরুল হক সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবিসহ অন্য আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে ছিলেন এম সরোয়ার হোসেন। 

গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিন রাতে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

৩০ জুলাই বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেওয়াসহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে গত ৭ আগস্ট কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ আগস্ট বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

গত ৭ আগস্ট এসব মামলায় জামিন চেয়ে আবেদন করেন খায়রুল হক। গত ১১ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চে তাঁর জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

আরও পড়ুন

×