ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ রোগী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২২:৫১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ২২:৫৭

দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মোট মৃত্যু দাঁড়াল ২৬৩ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাঁরা চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরগুনার ২৫০ শয্যার হাসপাতালে। মৃতদের বয়স যথাক্রমে ৫৮, ১৮, ৮০ ও ২৩ বছর।

গত এক দিনে দেশে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৩ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৪০ জনে। চলতি মাসেই সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৮ জন। এই মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৬৫ জন।

এর আগে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬ এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জুলাইয়ে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ ও আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে। মার্চে এ রোগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ৩১৯ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। বাকি ৮২৪ জন ঢাকার বাইরে। বিভাগ হিসাব করলে ঢাকা বিভাগে ২৮১ জন, ময়মনসিংহে ৫৬, চট্টগ্রামে ১২১, খুলনায় ৬৭, রাজশাহীতে ৫৬, রংপুরে ৫১, বরিশালে ১৮৬ এবং সিলেট বিভাগে ছয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রয়েছেন ২ হাজার ৭৩৩ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৯৩০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ওই বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন।

আরও পড়ুন

×