ঢাবির জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে জরিমানা
প্রতীকী ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ২১:১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রশাসন হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে। নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে জরিমানা করা হবে। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হল প্রশাসন। এর আগে গত ২৭ জুন ঢাকার এফ রহমান হলেও পাবলিক প্লেসে ধূমপানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
জহুরুল হক হলের বিবৃতিতে বলা হয়েছে, হলের সুষ্ঠু, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে ধূমপান ও মাদকসেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্যান্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক শাহ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ এসেছে, হল প্রাঙ্গণ বা ক্যান্টিনের সামনে অনেকে ধূমপান করেন। এতে হলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এবং অধূমপায়ীদের জন্য সমস্যা তৈরি হয়। এই কারণে দেশের প্রচলিত আইন অনুযায়ী, ধূমপান ও মাদকসেবন নিষিদ্ধ করা হয়েছে। এটা নতুন কোনো নিয়ম নয়। আমরা শিক্ষার্থীদের সতর্ক করার জন্য নিয়মটি কার্যকর করছি।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি নিয়ম লঙ্ঘন দেখেন, আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’ তবে হল সংসদের কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানান তিনি।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ধূমপান
