সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জীবিকা অর্জনের আহ্বান ধর্ম উপদেষ্টার
গুলশানে সীরাতুন নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা। ছবি-পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ০০:৪১
ধর্ম উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসাইন সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জীবিকা অর্জনের আহ্বান জানিয়ে বলেছেন, প্রত্যেক মানুষকেই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে— ভালো কাজের জন্য পুরস্কৃত ও মন্দ কাজের জন্য শাস্তিপ্রাপ্ত হতে হবে। তিনি সকলকে পাপাচার ও অন্যায় কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সোমবার রাজধানীর গুলশানে সীরাতুন নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও গণযোগাযোগ উপ-কমিটি।
বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হয়। তাঁর শিক্ষা ও দিকনির্দেশনা অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সাফল্য অর্জন করা সম্ভব। তিনি সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
ড. খালিদ হোসাইন বলেন, হালাল আয়ের গুরুত্ব উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ইবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল উপার্জন। হারাম উপার্জনে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাদের নামাজ, রোযা, হজ ও যাকাতও কবুল হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটির সহ-সভাপতি আজিজুল হক ভূঁইয়া। এতে আরও বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি ও উপ-কমিটির চেয়ারম্যান মীর লুৎফুল কবীর সা’দী এবং উপ-কমিটির সম্পাদক মো. আবুল কাসেম হায়দার। পরবর্তীতে ধর্ম উপদেষ্টা ক্যালিগ্রাফি, ইসলামিক জ্ঞান ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
- বিষয় :
- ধর্ম উপদেষ্টা
