পরিবেশ ধ্বংস করে উন্নয়ন টেকসই নয়: সৈয়দা রিজওয়ানা হাসান
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১৪:৪৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংসের বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হতে পারে না।
তিনি আরও বলেন, দেশের নদী, বন ও জলাভূমি রক্ষা এখন টিকে থাকা, ন্যায্যতা ও মানব মর্যাদার প্রশ্ন।
আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ৮ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ, যখন তা হবে অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং প্রকৃতিবান্ধব।
তিনি নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে দায়িত্ববোধ, সততা আর টেকসই চিন্তাধারা জীবনযাপনের মূলনীতি হিসেবে নিতে হবে। প্রতিটি পেশা, উদ্ভাবন ও নীতি পৃথিবীকে হয় সুস্থ করতে পারে, নয় ক্ষতিগ্রস্ত করতে পারে—তাই সর্বদা সুস্থতার পথটাই বেছে নাও।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সৈয়দা রিজওয়ানা বলেন, এই প্রজন্মের জীবনযাপন, ভোগ ও নেতৃত্বের সিদ্ধান্তই নির্ধারণ করবে শুধু তাদের নয়, পুরো পৃথিবীর ভবিষ্যৎ। শব্দদূষণ ও প্লাস্টিক দূষণ রোধে তরুণদের এগিয়ে আসতে হবে।
সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসান অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দা মাদিহা মুরশেদ, প্রধান বক্তা এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মানজুর, এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আয়ুব ইসলাম। অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রি, স্বর্ণপদক ও একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়।
