ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফ্লোর নির্মাণ না করে ভুয়া বিলে অর্থ আত্মসাৎ, চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

ফ্লোর নির্মাণ না করে ভুয়া বিলে অর্থ আত্মসাৎ, চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
×

দুর্নীতি দমন কমিশন (দুদক)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০৪:৩৫

ঢাকার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ফ্লোর নির্মাণ না করে জালিয়াতির আশ্রয় নিয়ে নির্মাণ দেখিয়ে ভুয়া বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান হওয়া ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ওই বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের তৃতীয় ফ্লোর (চতুর্থ তলা) ও চতুর্থ ফ্লোর (পঞ্চম তলা) বাস্তবে নির্মাণকাজ সম্পন্ন না করে সম্পন্ন দেখিয়েছেন। তারা ভুয়া/মিথ্যা নির্মাণকাজের পরিমাপ মেজারমেন্ট বুকে (এমবি বুক) লিপিবদ্ধ করে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে মেজারমেন্ট বুক তৈরি ও উপস্থাপন করে সরকারের ১ কোটি ২২ লাখ টাকার অতিরিক্ত বিল মঞ্জুরি প্রদান করিয়ে আত্মসাৎ করেন।

অন্য তিন আসামি হলেন–ঢাকা জেলা এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. ছাবের আলী, উপসহকারী প্রকৌশলী মো. শামস জাভেদ ও মেসার্স নির্মাণ প্রকৌশলীর মালিক আবু সাইদ খান।

আরও পড়ুন

×