আমন ধানে বাম্পার ফলনের আশা কৃষি উপদেষ্টার
সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে কৃষি উপদেষ্টা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ১৬:৪৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ১৭:০৮
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমন ধানে বাম্পার ফলন হবে। তবে আলুর অতিরিক্ত উৎপাদনের কারণে দাম কমে গেছে, ফলে কৃষক লোকসানের মুখে পড়েছেন।
বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন কৃষি উপদেষ্টা।
তিনি বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে ভালো ফলন হবে। আলু বেশি উৎপাদন হওয়ায় কৃষক দাম পাচ্ছে না, এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পেঁয়াজের পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পেঁয়াজের উৎপাদন এবার ভালো। আমদানি করতে হচ্ছে না। আমদানিকারকরা পাগল হয়ে গেছে, আমদানির জন্য আদালতের শরণাপন্ন হয়েছে।
তিনি আরও জানান, শীতকালীন সবজি বাজারে আসা শুরু হয়েছে, ফলে দাম ধীরে ধীরে কমবে। গতবারের তুলনায় এবার প্রায় দ্বিগুণ আলু রপ্তানি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার সবজির দাম ‘রিজনেবল’ থাকবে।
সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কৃষি উপদেষ্টা বলেন, সারের কোনো সংকট নেই, আর অন্তর্বর্তী সরকার থাকাকালীনও হবে না। কৃষকের জন্য নির্ধারিত দামে সার দেওয়া হবে। আমদানি মূল্য বাড়লেও সরকার ভর্তুকি দেবে।
তিনি জানান, সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী ২৫ বছরের জন্য খাদ্য ফসল উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
কৃষি উপদেষ্টা বলেন, আমরা কৃষি জমি সুরক্ষা আইন করার উদ্যোগ নিয়েছি। যেন ভবিষ্যতে কৃষিজমি নির্বিচারে দখল বা ব্যবহার পরিবর্তন রোধ করা যায়।
- বিষয় :
- কৃষি উপদেষ্টা
- আমন ধান
- জাহাঙ্গীর আলম চৌধুরী
