কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে শিগগির: বাণিজ্য উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ১৫:৪৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ | ২০:৫৩
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত কার্যক্রম শেষে প্রকৃত তথ্য জানা যাবে। সরকার তদন্ত কার্যক্রম শেষে রিপোর্ট প্রকাশ করবে।
বৃহস্পতিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তাঁরা দেশে ফিরে গেছেন। আগামী ২/৩ দিনের মধ্য তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।
তিনি বলেন, তাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।
